‘আমাদের কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হলো, প্রশ্ন প্রেস সচিবের
- প্রকাশের সময় : ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 78
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য—জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল না—শেয়ার করছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি এটা আগে জানতাম না? আমাদের রাজনৈতিক ইতিহাস বোঝার জন্য কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হবে?’
শফিকুল আলম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের সবচেয়ে স্বতঃস্ফূর্ত গণজাগরণগুলোর একটি। এটিকে যুক্তরাষ্ট্রের সাজানো ঘটনা বলা জনগণের শক্তি ও ভূমিকার প্রতি অবজ্ঞা।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ট্রমার প্রভাব নিয়ে রাজনীতি করেছেন। তার টানা ১৬ বছরের শাসনামলে প্রায় প্রতিটি বড় বক্তৃতার তৃতীয় বা চতুর্থ প্যারাতেই পরিবারের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠেছে। ক্ষমতা হারানোর পর তিনি বিভিন্ন ষড়যন্ত্রের গল্প সামনে আনতেন।
প্রেস সচিব জানান, শেখ হাসিনা অনেক সময় নিজের তৈরি নানা বয়ানে আটকে পড়তেন। তবুও তার চারপাশের কিছু সমর্থক—বিশেষ করে প্রো–আওয়ামী লীগ মিডিয়া ও নাগরিক সমাজের অংশ—তার প্রতি আধ্যাত্মিক মর্যাদা আরোপ করতেন। তাকে ‘জিন্দা পীর’ বলা হতো।
শফিকুল আলম বলেন, এখনো অনেকে মনে করেন শেখ হাসিনা বিদেশি সমর্থনে আবারও নাটকীয়ভাবে ক্ষমতায় ফিরবেন। এমন বিশ্বাস আঁকড়ে ধরে থাকা মানুষদের তিনি আখ্যা দিয়েছেন ‘নীরব কদম্বুসিওয়ালা’—যারা প্রকাশ্যে আনুগত্য দেখাতে না পারলেও ব্যক্তিগতভাবে সেই রীতি পালন করতে প্রস্তুত।





















