যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

- প্রকাশের সময় : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 75

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় ইসরাইলের হামলা থামেনি। গত এক মাসে দখলদার বাহিনীর আক্রমণে নিহত হয়েছেন অন্তত ২৬০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬৩২ জন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গাজার বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে।
অধিকৃত পশ্চিমতীরেও ইসরাইলি বাহিনীর অভিযান চলছে। হেবরনের বেইত উমরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আনতাবা শহরে সংঘর্ষ ও আটক অভিযানের খবর পাওয়া গেছে। জেরুজালেমেও অভিযানের সময় কয়েকজন আহত হন।
এদিকে, গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস। যত দ্রুত সম্ভব জিম্মি মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করছে বলে জানিয়েছে।
শীতের ঝড়ের কারণে গাজার হাজারো বাস্তুচ্যুত মানুষের অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে রাফা সিভিল ডিফেন্স। তাঁবু ও ভাঙা ঘরে থাকা মানুষের কাছে ঠান্ডা ও বৃষ্টি মোকাবিলার উপায় নেই, ফলে মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
অন্যদিকে, দুর্নীতি মামলায় নিজেকে ক্ষমা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তিনি দোষ স্বীকারে অস্বীকৃতি জানিয়ে গেছেন।

























