ঢাকাসহ বিভিন্ন জেলায় আরও ৫ যানবাহনে আগুন
- প্রকাশের সময় : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 83
ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
এরপর রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাত সাড়ে ৩টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।





















