পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে : অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 87
নতুন পে-কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, “আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত আলোচনা হবে ১৫ তারিখে। তারা বলেছে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজস্ব আয় বাড়াতে হবে—এটা তাদের একটি পরামর্শ, যা আমি স্বীকার করেছি। ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো কম, কারণ মানুষ কর দিতে চায় না এবং এনবিআর দুই মাস বন্ধ থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে। আমরা তা পূরণের চেষ্টা করছি।”
অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ সামাজিক সুরক্ষায় ব্যয় বৃদ্ধির পরামর্শ দিয়েছে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও খাদ্য খাতে। এসব খাতে সরকার ইতোমধ্যে ভালো করছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেসব সংস্কার শুরু করেছি, সেগুলো সংহত করবো। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা এটিকে একটি প্যাকেজ আকারে আগামী সরকারের কাছে হস্তান্তর করবো।”
তিনি আরও বলেন, “ট্যাক্স সংস্কারের জন্য কিছু অর্থনীতিবিদকে নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করেছি। তারা নিজেদের সুপারিশ দেবে।”
নতুন পে-কমিশন নিয়ে তিনি বলেন, “পে-কমিশনের বিষয়টি এখনই বলা সম্ভব নয়। এটি আগামী সরকার বিবেচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।”
ব্যাংক খাতকে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যাংক সেক্টরে কিছু সংস্কার শুরু হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে।”
আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আগেই রাজি হয়েছি। এখন ওরা রিভিউ সম্পন্ন করবে। আইএমএফ দেখতে চায় রাজনৈতিক সরকার এসে কতটুকু ধারাবাহিকতা বজায় রাখে। ফেব্রুয়ারির নির্বাচনের পর তারা আবার রিভিউ করবে, এরপর সিদ্ধান্ত দেবে।”




















