দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় বহরপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব

- প্রকাশের সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 166
দেশ, জাতি ও বিশ্বের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস পূজা ও উৎসব। বুধবার রাত ১২টায় বহরপুর বাজার মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় উৎসবের সূচনা হবে।
উৎসবটি আয়োজন করছে বহরপুর বাজার রাস পূজা উদযাপন কমিটি ও বহরপুর বাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটি। রাস পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রী অমির কুমার দাস জানান, উৎসবের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— বাবু কালিদাস কুন্ডু, বাবু জীতেশ চন্দ্র কুন্ডু, বাবু নৃপেন্দ্রনাথ কুন্ডু, বাবু বাবলু সিকদার, বাবু রনজিৎ কুন্ডু, বাবু অসিত সরকার, বাবু মিলন সিকদার, বাবু তরুন কান্তি সাহা, বাবু সাধন গোস্বামী, বাবু স্বরবিন্দু দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অন্যদিকে, মন্দির কমিটির সভাপতি বাবু অসিত কুমার সরকার ও সাধারণ সম্পাদক বাবু তরুন কান্তি সাহার তত্ত্বাবধানে উৎসবের বিভিন্ন আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছে মন্দির কমিটি।
রাস পূজার পরদিন, ৬ ও ৭ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে কবিগান অনুষ্ঠান। এতে পরিবেশন করবেন খ্যাতনামা কবিয়াল বাবু অপূর্ব লাল সরকার (মাদারীপুর) এবং বাবু আনন্দ সরকার (পাইকগাছা, খুলনা)।
রাস উৎসবকে ঘিরে ইতোমধ্যে পুরো বহরপুর বাজার মন্দির এলাকা সাজানো হয়েছে বর্ণিল আলোয় ও ভক্তিমূলক পরিবেশে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল উৎসব সফল করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
ভক্তদের বিশ্বাস, শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়— এটি ভক্তি, প্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষকে উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসবের সময়সূচি:
রাস পূজা: ৫ নভেম্বর ২০২৫, বুধবার, রাত ১২টা
কবিগান: ৬ ও ৭ নভেম্বর ২০২৫, দুপুর ১টা ৩০ মিনিট থেকে
প্রতি বছর এই রাস উৎসব বহরপুরবাসীর হৃদয়ে নতুন করে জাগায় ভক্তি, আনন্দ ও মানবতার স্পন্দন।
























