বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর
- প্রকাশের সময় : ০৫:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 83
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ওড়না চাকার সাথে পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মামলার পরপরই পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।





















