আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২০

- প্রকাশের সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 96

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটির তথ্যানুসারে, স্থানীয় সময় ভোরের দিকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে হতাহত ও ধ্বংসযজ্ঞের খবর নিশ্চিত হয়।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র কামাল খান জাদরান জানান, বালখ প্রদেশে চারজন নিহত হয়েছেন এবং প্রাদেশিক হাসপাতালে ১২০ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদুল্লাহ হামাদ বলেন, পার্শ্ববর্তী সামানগান প্রদেশে পাঁচজন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ভূমিকম্পের সময় মাজার-ই-শরিফসহ আশপাশের এলাকায় আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। রাজধানী কাবুল থেকেও প্রায় ৪২০ কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়।
অতীতে দুর্বল যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর কারণে আফগানিস্তান দুর্যোগ মোকাবিলায় চরম সীমাবদ্ধতার মুখে পড়েছে। অনেক সময় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে দিন লেগে যায়।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে তিনটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। বিদেশি সহায়তা নাটকীয়ভাবে কমে যাওয়ায় দুর্যোগ পরবর্তী পুনর্গঠনও কঠিন হয়ে পড়েছে। চলতি বছরের আগস্টে পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। ২০২৩ সালে পশ্চিম হেরাত শহরে এবং ২০২২ সালে নাঙ্গারহার প্রদেশে ভয়াবহ ভূমিকম্প শত শত প্রাণ কেড়ে নেয় এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে দেয়।

























