গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান
- প্রকাশের সময় : ১১:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 176
‘চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে’ মন্তব্য করে দলের একক প্রার্থীর বিজয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের নাম জানানো হবে। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।
রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই বক্তব্য দেন।
তিনি বলেন, নিজেদের মধ্যে রেষারেষি বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ধানের শীষ জিতলে গণতন্ত্র ও দেশ জিতবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদানকে প্রশ্নবিদ্ধ করে এমন আচরণ না করার আহ্বান জানান তিনি।
আসন্ন নির্বাচনে বিএনপি ও তাদের মিত্র দলগুলোর প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, জনপ্রিয় ও যোগ্য প্রার্থী বাছাই করা দলের জন্য সম্মানের বিষয় হলেও সবার মনোনয়ন দেওয়া সম্ভব নয়। রাজপথের আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর প্রার্থীকেও বিএনপি সমর্থন দেবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই নীতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তারেক রহমান বলেন, “পতিত স্বৈরাচারের সময় নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছিল। এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার শুরু হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে নারী নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। রাজনৈতিক কর্মী হিসেবেও আমাদের এই বিষয়ে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।























