বালিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- প্রকাশের সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 130
“সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বায়েজিদ আলম, বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক খান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিষা বিশ্বাস, শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সহসভাপতি ও কুমুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুমপ চৌধুরী, সোনাপুর আল আমিন বার্ড মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি খন্দকার মামুন কবির, সাধুখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বাটুল বিশ্বাস, বনলতা সমবায় সমিতির সভাপতি মো. জনাব আলী ও হাসান আলী প্রমুখ।
সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলায় বর্তমানে সমবায় বিভাগের আওতায় মোট ৬৬টি সমবায় সমিতি রয়েছে। এছাড়া বিআরডিবির আওতায় ১টি কেন্দ্রীয় সমবায় সমিতি, সিভিডিপি প্রকল্পের আওতায় ৬০টি প্রাথমিক সমবায় সমিতি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের অধীনে ১০০টি সিআইজি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে।
এসব সমিতিতে সদস্য সংখ্যা ১৬ হাজার ৭১৯ জন। সমিতিগুলোর নিজস্ব মূলধন ৯৮ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা, সঞ্চয় আমানত ৫ কোটি ১২ লাখ ৬০ হাজার ৩৪০ টাকা, বিনিয়োগের পরিমাণ প্রায় ১৬ কোটি ৪০ লাখ ২০ হাজার ১০০ টাকা এবং স্থাবর ও অস্থাবর মোট সম্পদের আর্থিক মূল্য প্রায় ২৬ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা।
সমবায়গুলোর মাধ্যমে সরাসরি ২১৫ জনের কর্মসংস্থান ও প্রায় ১ হাজার ৬৩০টি পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সমবায় একটি শক্তিশালী পদ্ধতি— “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”। একা নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই সম্ভব দেশের সার্বিক উন্নয়ন।’
তারা আরও বলেন, বালিয়াকান্দির বিভিন্ন সমবায় সমিতি দরিদ্র জনগোষ্ঠীকে সহজ কিস্তিতে ঋণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করছে। অনেকে সমবায় কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সমবায় বিভাগ আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।























