হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 152
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” মাদকমুক্ত সমাজ ও ক্রীড়াকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে শুক্রবার (৩১ অক্টোবর) হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আয়োজক বিএনবিএস ক্লাবের এই টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলা ফুটবল একাদশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, প্রাক্তন খেলোয়াড় সুর্য্য কুমার কুন্ডু, রঞ্জিত কুমার পাল, মিরাজুল হক, মিজানুল ইসলাম মিল্টন, অসীম কুমার সিকদার (কার্তিক), মো. রেজাউল ইসলাম, শামীম আহম্মেদ, আহাদ আলী প্রমুখ।
আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, “বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি বহুবার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজনের জন্য ব্যবহার হয়েছে। দেশের জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়রা এখানে খেলার সুযোগ পেয়েছে। আমরা স্থানীয় যুবকদের নিয়ে আলোচনা করে এই খেলাটির আয়োজন করেছি। দর্শকদের সহযোগীতায় খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”
বিএনবিএস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম রেজা বলেন, “আগের দিনে যুবসমাজ বিকেলে মাঠের দিকে যেত, কিন্তু এখন মাদক ও মোবাইলের গেমে তারা সময় কাটাচ্ছে। আমরা চাই, যুবসমাজকে আবার খেলার মাঠের দিকে ফিরিয়ে আনা। এই টুর্নামেন্টের মূল লক্ষ্যও এটি।”
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। তারা হলেন: রাজবাড়ী সদর উপজেলা, ফরিদপুর সদরপুর উপজেলা, কুষ্টিয়া কুমারখালী উপজেলা, কুষ্টিয়া খোকসা উপজেলা, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী জেলা, ঢাকার ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলা ফুটবল একাদশ। নকআউট পদ্ধতিতে আটটি দলের মধ্যে চারটি দল সেমিফাইনালে উঠেছে।
সেমিফাইনালে খেলায় ১-১ গোলে সমতা থাকলেও ট্রাইব্রেকারে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ৫-৪ গোলে জয়ী হয়ে ফাইনালে উঠেছে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত নুরুল ইসলাম নুরু, সহকারী রেফারি হিসেবে ছিলেন মো. আলী মুনছুর, মো. লিটন খান ও নাজমুল হোসেন।
আগামী ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা ফুটবল একাদশের মধ্যে।






















