যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক

- প্রকাশের সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 79

তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা আবার বৈঠকে বসবেন। সেই সময় পর্যন্ত যেন কোনো সংঘাত না ঘটে, সে বিষয়ে দুই দেশ সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়। মূল ইস্যু হচ্ছে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামের গোষ্ঠী, যাদের পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করলেও তারা এখনো সক্রিয়। ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগান তালেবান সরকার; তবে কাবুল বরাবরই তা অস্বীকার করে আসছে।
গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ কয়েকজন নিহত হন। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায়। কয়েকদিন সংঘাত চলার পর ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যেখানে ২০০-র বেশি আফগান সেনা ও ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হন।
এরপর দোহা ও ইস্তাম্বুলে একাধিক বৈঠক হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। কাতার ও তুরস্ক এই আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে। কয়েক দফা অচলাবস্থার পর অবশেষে ৩০ অক্টোবর যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান।

























