মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে কমিটি
- প্রকাশের সময় : ০৫:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 100
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ ঘটনায় নিহত পথচারীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে। কমিটিতে বুয়েট ও এমআইএসটি-র বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে কারিগরি ও প্রকৌশলগত দিক বিশ্লেষণের জন্য।
কমিটির সদস্যরা:
ড. এ বি এম তৌফিক হাসান, অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, প্রকল্প পরিচালক (লাইন-৫), ডিএমটিসিএল
আসফিয়া সুলতানা, উপসচিব, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন
কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যার ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। নতুন কমিটি সেই ঘটনার প্রতিবেদনও পর্যালোচনা করবে।
কমিটি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশমালা তৈরি করবে এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে।
সরকার নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার দাফন-কাফনের সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দিয়েছে।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারী নিহত হন। তার বাড়ি শরীয়তপুরে।
দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজসহ মন্ত্রণালয় ও ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ দেখতে গিয়ে উপদেষ্টা ফাওজুল কবির বলেন,
“এটা নাশকতা নাকি নির্মাণত্রুটি— তা অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।”





















