রাজবাড়ীতে সুফলভোগীদের মাঝে মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ
- প্রকাশের সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 124
নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীর হাতে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও তিন বস্তা (৭৫ কেজি) করে চিকেন ফিড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন বলেন, “প্রকল্পের আওতায় আজ রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৮০ জন উপকারভোগীর মাঝে উন্নত জাতের মুরগি ও খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া পূর্বে বিতরণকৃত ২১ জন ছাগল এবং ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীকেও ২৫ কেজি করে খাবার দেওয়া হয়েছে।”
প্রকল্পের এই সহায়তা পেয়ে চরাঞ্চলের উপকারভোগীরা প্রাণিসম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে নতুন আশার সঞ্চার দেখছেন।






















