বালিয়াকান্দিতে ১ কোটি ২০ লাখ টাকার সরকারি সম্পত্তি পুনরুদ্ধার
- প্রকাশের সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 91
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি মৌজায় ১৯ অক্টোবর রবিবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে অবৈধ দখলে থাকা এই সরকারি জমি উপজেলা প্রশাসনের নির্দেশে পুনরুদ্ধার করা হয়।
সূত্র জানায়, বিএস-৬৩৬২ নং দাগে মোট ০.১৮২৫ একর জমির মধ্যে ০.০৯২৫ একর জমি বিএস-০১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত। এর মধ্যে জনাব মোঃ আমিরুল ইসলাম (পিতা মৃত আলহাজ্ব মোশাররফ হোসেন), সাং—বালিয়াকান্দি, রাজবাড়ী প্রায় ০.০৩৫০ একর খাস জমি প্রায় অর্ধশতাব্দী ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এহসানুল হক শিপন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দখলকারী ব্যক্তি স্বেচ্ছায় তার স্থাপনা সরিয়ে নেন। ফলে উক্ত ০.০৩৫০ একর খাস জমি সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয়রা জানান, উদ্ধারকৃত জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
উপজেলা প্রশাসনের এক সহকারী কমিশনার এহসানুল হক শিপন বলেন, “সরকারের মালিকানাধীন কোনো জমি ব্যক্তিগতভাবে দখল করে রাখা যাবে না। নিয়মিতভাবে এমন অবৈধ সরকারি সম্পত্তি দখলমুক্ত করার অভিযান চলবে।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ হওয়ায় সরকারি সম্পত্তি রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে।






















