নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার
- প্রকাশের সময় : ০৪:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 7
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজির বেশি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নেতৃত্বাধীন টাস্কফোর্স। মূর্তি দুটির একটির ওজন ২৮ কেজি ১৫০ গ্রাম এবং অপরটির ১২ কেজি ১৫০ গ্রাম।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসির সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে টাস্কফোর্স দল অভিযানে অংশ নেয়। দলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনও ছিলেন।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি দুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের মূর্তি দুটি উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, মূর্তি দুটি সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা মূর্তির বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।






















