‘ওড়না কোথায়’ প্রশ্নে তরুণীকে হেনস্তা, ভিডিও ভাইরাল
- প্রকাশের সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 105
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক তরুণীকে ‘ওড়না কোথায়’ বলে হেনস্তা করার একটি ভিডিও। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আক্রমণাত্মক ভঙ্গিতে তরুণীকে ঘিরে প্রশ্ন করছেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করছেন।
ভিডিওটিতে তরুণীর ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়, তবে কোথায় ও কখন ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।
অনেকেই এ ঘটনাকে নারীর প্রতি সহিংসতা ও উগ্রবাদী মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ফেসবুকে লিখেছেন, ‘ওড়না কোথায় বলে একজন নারীকে হ্যারাস করা ছেলেটিকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। নইলে এমন উগ্র চিন্তা ছড়িয়ে পড়বে।’
অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুব ইসলাম মন্তব্য করেন, ‘ধর্মীয় আবেগকে পুঁজি করে এমন ঘটনাগুলো সমাজে ভয়ংকর বার্তা দিচ্ছে। ইন্টারিম সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু গোষ্ঠী পার পেয়ে যাচ্ছে।’
নেটিজেনদের অনেকে এই ঘটনাকে “নৈতিক পুলিশিংয়ের ভয়াবহ উদাহরণ” বলে উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




















