এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি
- প্রকাশের সময় : ০২:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 96
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, “ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটের সুযোগ দেওয়া হবে। প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীকে ভোটের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।”
সকালে টিভি মিডিয়া এবং বিকেলে পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। আগামীকাল নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ এবং পরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।























