ঘাটে বাঁধা ছিলো আমার মন
- প্রকাশের সময় : ০১:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 2
ঘাটে বাঁধা ছিল আমার মন,
তুমি এলে নিরব ক্ষণ,
নদীর জলে চাঁদের আলো,
তোমায় ভেবে কাটে দিন – রাত।
ও মাঝি – নাওটা ধীরে বাইও,
আমার কথা তারে কইও —
যে মানুষটা হারিয়ে গেল,
তারই ঘাটে মনটা রইলো।
নদীর বুকে ঢেউ উঠিলে ,
তোমার কথা মনে পড়ে,
কাশের বনে হাওয়া এলে,
তোমারই সুর অন্তরে বাজে।
একদিন যে হাতটি ধরে,
বলেছিলে – “” যেও না দূরে “”
আজ সে হাতই অচেনা কেন,
কোন স্রোতে গেলে আমায় ছেড়ে?
ও মাঝি, নাওটা ধীরে বাইও,
আমার কথা তারে কইও –ঘাটে বাধা ছিল যে আমার মন,
সে মনটাকে ফিরিয়ে দিও।
জোয়ার এলো, ভাটাও গেল,
ঘাটের বুকে দাগটি রইল,
তুমি গেলে দূর অচিনপুরে,
আমার পথটা থেমে গেল।
নৌকা ফিরে আসে ঘাটে,
মানুষ কি আর ফিরে আসে?
তোমার নামে বাঁধা মনটা
আজও কাঁদে নিভৃত রাতে।
যদি কোনদিন ফিরে আসো
এই ঘাটতে নৌকা ভাসাইও,
দেখবে আমি নেই হয়তো —
তবুও আমার মনটা পাবে,
এই ঘাটেই বাঁধা আছে,
তোমার নামে আজও কাঁদে।



















