ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা
- প্রকাশের সময় : ১২:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 77
গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনী আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের ন্যক্কারজনক দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে সরকার।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
বিবৃতিতে ইসরাইলকে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ আরও জানায়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। তাই ইসরাইলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে।























