সুড়ঙ্গ খুঁড়ে পাঁচ মাস পর মাটির নিচ থেকে বেরিয়ে এলেন নারী ও বৃদ্ধ

- প্রকাশের সময় : ০২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 138

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫ মাস ধরে মাটির নিচে বন্দি থাকার পর একটি আয়নাঘর সদৃশ কক্ষ থেকে সুড়ঙ্গ খুঁড়ে বের হয়েছেন এক নারী ও এক বৃদ্ধ। এ ঘরে মানুষকে বন্দি করে চাঁদা আদায়, জমি লিখে নেয়াসহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হোসেন আরাফাত নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে এই ঘরের সন্ধান পাওয়া যায়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দীর্ঘ ৫ মাস বন্দি থাকা একই ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত রুস্তম আলির ছেলে আব্দুল জুব্বার (৭৫) ও লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের মুনসুর আলির স্ত্রী শিল্পী খাতুন (৪৮) মুক্ত হন। তারা ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে একটি সুড়ঙ্গ তৈরি করে বের হন। এরপর তারা পরিবারকে এ ঘটনার বর্ণনা দেন।
মুক্ত হওয়া ভুক্তভোগী শিল্পী খাতুন বলেন, পাঁচ মাস ধরে বন্দি আমাদের ওই ঘরে বন্দি করে রাখা হয়েছে। একমাস অন্য জায়গায় রেখেছিল। তবে কোথায় রেখেছিল জানি না। মাঝে মধ্যে শরীরে ইনজেকশন দিতো তারা।
তিনি আরও বলেন, আরাফাত, শরীফ মেম্বার, কামরুল ইসলাম, হাফিজুল, পান্নাসহ আরও তিনজন। তারা মুখোশপরা ছিল। বন্দিঘরে তিনি ছাড়াও আব্দুল জব্বার নামের একজন ছিলেন।
আরেক ভুক্তভোগী আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবা গত বছরের ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নিখোঁজ হন। পরে কোথাও খুঁজে না পেয়ে ১২ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বাবা ওই বন্দী ঘর থেকে কৌশলে বের হয়েছেন। তিনি খুব অসুস্থ, আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি।
স্থানীয়রা বলছেন, ওই ভবনের মালিক জহুরুল ইসলামের ছেলে সুমন শেখ। তার কাছ থেকে ভাড়া নিয়ে ভবনের নিচে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ করে এই ঘর বানিয়েছেন পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের রেজাউল করিম তালুকদারের ছেলে পল্লি চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত। তিনি ও তার কিছু লোকজন গভীর রাতে এই বাড়িতে আসা-যাওয়া করতেন।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দেয়া হয়েছিল। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

























