‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’ বদলির পর ওসির রহস্যময় পোস্ট

- প্রকাশের সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 431

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে (স্ট্যান্ড রিলিজ)। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
এই ঘটনার পর আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ওসি শহিদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মিথ্যা গল্প বানিয়ে কোনো লাভ নেই, এতে আমারই মঙ্গল হবে। প্রতিটি ঘটনাই এক একটি প্রমাণ। বুঝলে ভালো, না বুঝলে তরমুজ খাও!’ তার এই অস্পষ্ট মন্তব্যটি স্থানীয়ভাবে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে খবর, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
জানা যায়, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওসির বিরুদ্ধে মামলা সংক্রান্ত জটিলতা, দুর্নীতি এবং একাধিক অভিযোগ তুলে ধরেন। তখন মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, এর আগে তিনি ওসি শহিদুরের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ পাননি। তবে, উত্থাপিত অভিযোগগুলো তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকারের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে কথা বলতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

























