বারি মসুর-৮ ডাল বিষয়ক মাঠ দিবস ও কৃষক সমাবেশ
- প্রকাশের সময় : ০৮:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 168
“ডাল: কৃষি খাদ্য ব্যবস্থায় বৈচিত্র আনে” এই শ্লোগানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি মসুর- ৮ এর উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজবাড়ী সদরের দর্পনারায়নপুর মাঠে সমাবেশের আয়োজন করে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র,মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল,ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প,আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র,বিএআরআই,মাদারীপুর। অনুষ্ঠানে সহযোগিতায় সরেজমিন গবেষণা বিভাগ,বারি,ফরিদপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক (ডাল) ড. মো. ছালেহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র বারি প্রকল্প পরিচালক ও পিএসও ড. সেলিম আহম্মেদ, গাজীপুর সরেজমিন গবেষণা বিভাগ বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার।
মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান। কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ কৃষক গফুর কাজী।
প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক (ডাল) ড. মো. ছালেহ উদ্দিন বলেন, মসুর ডালে উচ্চ মাত্রার এটা দ্রবণীয় ফাইবার থাকে যা রক্তের কলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি শরীরের কলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে ধমনীকে পরিষ্কার রাখে। মসুর ডাল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরলের পরিমাণ। মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে।
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র বারি প্রকল্প পরিচালক ও পিএসও ড. সেলিম আহম্মেদ বলেন, আধুনিক জাতের বারি মসুর ৮ চাষ এবং কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তির ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ কারণেই মসুর ডালের আবাদ বেড়েছে। প্রকৃতি অনুকূলে থাকায় ও কৃষি বিভাগের পরামর্শে সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা, সুযোগ সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে চাষ হয়েছে বারি মসুর-৮ ডাল। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৯০০ মেট্রিক টন।
















