গণঅধিকারের একাংশের নতুন নাম ‘আমজনতার দল’
- প্রকাশের সময় : ১১:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / 188
আগ্রাসনবিরোধী লড়াই সুসংহত করতে গণঅধিকার পরিষদের একাংশের নাম বদল করে ‘আমজনতার দল’ নামে আত্মপ্রকাশ করেছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ পাওয়া দলটির নাম ঘোষণা করেন আহ্বায়ক মিয়া মশিউজ্জামান।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ (একাংশ) তার নাম পরিবর্তন করে এখন থেকে আমজনতার দল নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।
পরিবর্তনের কারণ ব্যাখ্যায় মিয়া মশিউজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ বেশকিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নের দুই ভাগে বিভক্ত হয় ২০২৩ সালের ২০ জুন। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাক্সিক্ষত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসনবিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সঙ্গে দ্ব›দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম ‘গণঅধিকার পরিষদ’ পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করছি। আজ থেকে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।
এই তিনটি মূলনীতি হচ্ছে, সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি’।
২০২১ সালের ২৬ অক্টোবর ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি বিভক্ত হয়ে যায়।
























