রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

- প্রকাশের সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / 177

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে কৃষক খিদির শেখকে বেধরক পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত খিদির শেখের ভায়রা মোহাম্মদ শেখ জানান, সকালে কে বা কারা খিদিরকে বাড়ি থেকে ডেকে আনুমানিক আড়াইশ গজ দূরে নিয়ে লাঠি সোঠা দিয়ে বেধরক পিটিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সর্বশেষ ফরিদপুর থেকে ঢাকায় রেফার্ড করা হবে বলে তিনি জেনেছেন। বিষয়টি রাজবাড়ী সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে। কী কারণে খিদির শেখের উপর হামলা হয়েছে তা তিনি জানেন না।
রাজবাড়ী সদর থানার এসআই মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা হামলা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

























