ডেঙ্গু প্রতিরোধে জাবি ক্যাম্পাসে বাধনের অভিযান
- প্রকাশের সময় : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 5
ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন ‘বাধন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে।
বুধবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কিটতত্ত্ব বিশেষজ্ঞ ড. কবিরুল বাশার এবং বাধনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে উপ-উপাচার্যদ্বয় ও অধ্যাপক ড. কবিরুল বাশার শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করেন।
আয়োজকরা জানান, বাধনের সদস্যদের ১০টি দলে ভাগ করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসে বসবাসকারী অন্যান্যদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।






















