জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 3
রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেসের সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের তেমন সাড়াশব্দ বা খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে অনিকের এক ব্যাচমেট তাঁকে ফোনে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে তারা কক্ষের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়লেও কোনো সাড়া পাননি। পরে ভেতরে অনিককে পড়ে থাকতে দেখে দরজা খুলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী ও মেস সদস্যদের সূত্রে জানা যায়, দুই দিন আগে অনিকের সঙ্গে তাঁর প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে এসব ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, ‘স্টুডেন্টরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের স্টুডেন্ট আর বেঁচে ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। ওর বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর মেডিকেল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এ বিষয়ে বংশাল থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) মো. রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।



















