কালুখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু
- প্রকাশের সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 14
রাজবাড়ীর কালুখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম।
এ সময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার বইপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বইমেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। বইপ্রেমীদের পাশাপাশি শিক্ষার্থী ও শিশু-কিশোরদের জন্যও রয়েছে নানা আয়োজন।
আগামী ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। একই দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হবে।
উল্লেখ্য, দেশব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে মেটলাইফ। স্থানীয় পর্যায়ে মেলাটি সফল করতে সার্বিক সহযোগিতা করছে কালুখালী উপজেলা প্রশাসন।






















