কালুখালীতে ৩০০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত
- প্রকাশের সময় : ১২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 18
রাজবাড়ীর কালুখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ৩০০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম পাইলটসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৪৮৫ দশমিক ৬০ হেক্টর আয়তনের ৯টি নির্বাচিত জলাশয়ে মোট ৩০০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, গজারিয়া বিলে ৬০ কেজি, চরনারায়ণপুর বিলে ৩০ কেজি, ঠাকুর বিলে ৫০ কেজি, চন্ডিপুর বিলে ৩০ কেজি, ফাল্টাবিলে ৪০ কেজি, নৌছিবিলে ২০ কেজি এবং মহেশখালী বিলে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি এবং দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।






















