কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
- প্রকাশের সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 11
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় এর সামনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটির সামনের গ্লাস ভেঙে যায় এবং বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় সূত্রে অন্তত ২০ জন আহত হওয়ার কথা জানা গেছে। আহতদের মধ্যে অনেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া কয়েকজনকে যশোরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার দিপু বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।






















