নওগাঁয় দুই ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলা, জরিমানা ২২ হাজার টাকা
- প্রকাশের সময় : ০৮:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 7
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্ব দেন। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















