বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
- প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 29
‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’—এই রূপকল্পকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ১২ বছরে পদার্পণ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাকানইবিসাস)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন এবং সেমিনার।
সোমবার (১০ আগস্ট) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর। তাঁরা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।’
সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সঙ্গে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।’
সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বর্ণাঢ্য র্যালি, বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে এক যুগে পদার্পণের দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন অতিথিরা। পরে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।























