নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- প্রকাশের সময় : ১১:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 16
নওগাঁর পোরশা উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় প্রক্সি (ভুয়া) পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে এসে প্রক্সি পরীক্ষার্থী ও মূল পরীক্ষার্থী—উভয়ই পুলিশের হাতে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মো. জাহিদ হাসান (২১), পিতা- মো. রেজাউল সরদার, গ্রাম- বারিন্দা, থানা- পোরশা, জেলা- নওগাঁর প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা- শ্রী সময় বর্মন, গ্রাম- গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা- পোরশা, জেলা- নওগাঁ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষক পরীক্ষার্থীকে সন্দেহজনক মনে হলে তার পরিচয় যাচাই করেন। সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন যে, তিনি তার বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন। এরপর পুলিশ ও পরীক্ষা কমিটির সদস্যদের সহায়তায় মোবাইল ফোনে খবর দিলে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান কেন্দ্রে এসে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাকেও আটক করা হয়।
ঘটনার খবর পেয়ে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত দুইজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।



















