সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 10
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী-শিক্ষকরা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ লাইব্রেরি ও সংসদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।






















