বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান
- প্রকাশের সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই কৃতী সন্তান হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য। তাঁদের এ সাফল্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গত ২৩ সেপ্টেম্বর পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে মোট ২০০ জনকে সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য।
হাফসা বিনতে আইয়ুব তুলি ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্য। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। তাঁর সাফল্যে সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিন গ্রামের সন্তান দেবব্রত ভট্টাচার্য্যও একই পরীক্ষায় সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনিও ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্য।
দেবব্রত ভট্টাচার্য্য জামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
রাজবাড়ীর দুই তরুণের এ সাফল্যে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।




















