দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
- প্রকাশের সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 4
ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানা দুই ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল।
সিএনএনের প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কোথাও কোথাও ভবন ধসে পড়েছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছেন।
দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও অনেক স্থাপনা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পের পর কারাকাসের বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: সিএনএন






















