হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল
- প্রকাশের সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 7
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম সামান্য কমে ব্যারেলপ্রতি ৭৭.৭০ ডলার হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম কমে ৭৩.৭৪ ডলার হয়েছে।
এর আগের দিনও তেলের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞায় ৬০ দিনের ছাড় দেওয়ার পর বাজারে এই পরিবর্তন দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সোমবার প্রায় ২০ লাখ ব্যারেল তেলবাহী দুটি ট্যাংকার ওই পথ দিয়ে পার হয়েছে বলে শিপ-ট্র্যাকিং তথ্য জানিয়েছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থার ঘাটতি থাকায় পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে তেলের দাম দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে কি না, তা অনিশ্চিত।
এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী দেশটির কৌশলগত তেল মজুদও সাম্প্রতিক সময়ে কমে গেছে, যা বাজারে সরবরাহ পরিস্থিতিকে আরও প্রভাবিত করছে।
সূত্র : রয়টার্স






















