এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী
- প্রকাশের সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 12
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে এক বছরের মধ্যে আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ও ক্যাম্পাস সংকটের বিষয়ে তার কাছে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষাসচিবও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, “হল নির্মাণে সাধারণত কয়েক বছর সময় লাগে। তবে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে এক বছরের মধ্যে আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশেই বাংলাদেশ ব্যাংকের কিছু আবাসিক ভবন রয়েছে বলে তিনি জেনেছেন। সরকারি মালিকানাধীন ওই জায়গা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে ব্যবহার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসর বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ২০২২ সালে ডিন’স অ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করা হলেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসনের উদ্যোগে এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তবে আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ধীরগতি, বাজেট ঘাটতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষাসচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকে ২৯ জন এবং আইন ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।





















