‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’
- প্রকাশের সময় : ০৯:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 10
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বিগত ১৭ বছর দেশের সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু।
আজ সোমবার বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া ছাত্রনেতাদের স্মরণে ‘গুম থেকে প্রত্যাবর্তন: স্মৃতি, সংগ্রাম ও প্রেরণায় আনিসুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা’ শীর্ষক এই সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুউদ্দিন অপু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে। তারেক রহমানের আহ্বানে সব শ্রেণি-পেশা ও মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও পুরান ঢাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের অবদান ইতিহাসে সঠিকভাবে মূল্যায়িত হওয়া উচিত।
নিজের গুমের স্মৃতিচারণ করে আনিসুর রহমান খোকন বলেন, তিনি ও তাঁর সহযোদ্ধা জনি তিন মাস ১৭ দিন গুমের শিকার ছিলেন। এ সময় তিনি আন্দোলন-সংগ্রামে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণ করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম হওয়া জবি ছাত্রদল নেতা আল-আমিন, রাসেল ও রানাসহ নিখোঁজদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। আলোচনা সভা শেষে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





















