‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার
- প্রকাশের সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 16
নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
শনিবার (৩০ মে) রাতের দিকে চার মিনিট চার সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে শোনা যায় এক ব্যক্তিকে, যিনি নিজেকে ওসি হিসেবে পরিচয় দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব।” এছাড়া বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে তার আরও কিছু মন্তব্যও অডিওতে রয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
অডিওতে আরও শোনা যায়, তিনি পুলিশ সদস্যদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করছেন এবং কাউকে বঞ্চিত না করার কথা বলছেন। একই সঙ্গে গণমাধ্যমের সক্রিয় ভূমিকাও উল্লেখ করেন তিনি।
তবে অডিওটির বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ওসি মো. আবুল হাশেম। তিনি বলেন, “কীভাবে এই বক্তব্য এসেছে, আমি জানি না। এ ধরনের কথা আমি কোথাও বলিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমিও বিষয়টি দেখেছি। আমার মনে হয় না, আমি এমন কোনো বক্তব্য দিয়েছি।”
এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, অভিযোগটি নজরে আসার সঙ্গে সঙ্গে ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার আরও বলেন, “আমি নিজে কখনো কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নই। তাই আমার অধীনে কেউ অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পার পেয়ে যাবে—এটি কখনোই সম্ভব নয়।”
ঘটনাটি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

























