মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে গুণিজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 114
ঝিনাইদহের মহেশপুরে ‘মহেশপুর অফিসার্স ফোরাম’-এর উদ্যোগে গুণিজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মহেশপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে এসএসসি/দাখিল-২০২৫ ও এইচএসসি/আলীম-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৫ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ৩০৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ‘খন্দকার ছালমা বেগম মেধা বৃত্তি’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজমুন নাহার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
তারা কৃতী শিক্ষার্থীদের এই অর্জন ধরে রেখে আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
























