প্রভাবশালীর অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ঈদের দিন সমাজচ্যুত ১২ পরিবার
- প্রকাশের সময় : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 52
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি রাস্তা কেটে পুকুর খননের প্রতিবাদ করায় ১০ থেকে ১২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই প্রভাবশালী ব্যক্তি হলেন একই গ্রামের রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধা। রবিউল ইসলাম রাজা একজন সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে প্রায় ১৫০টি পরিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় গ্রামবাসীরা দাবি করেন, রাস্তা কেটে পুকুর খননের ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ওই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ায় রবিউল ইসলাম রাজার সমাজের ১০ থেকে ১২টি পরিবারকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। ঈদের দিন এমন সিদ্ধান্তে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা বলেন, “যদি আমাদের সমাজে রাখবেন না, তাহলে আগেই জানাতে পারতেন। ঈদের সময় এমন সিদ্ধান্ত আমাদের জন্য খুব কষ্টের। আজ ঈদের দিনে কেন আমাদের এভাবে অপমান করা হচ্ছে?”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তা রবিউল ইসলাম রাজা বলেন, “তারা আমার মান-সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে আমি কেন তাদের সমাজে স্থান দেব? এটি কোনো রাষ্ট্রীয় বিষয় নয়। আমার বাড়ির মাংস কাকে দেব, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।”






















