নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 12
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১টা ৪০ মিনিটে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় ওসি ডিবি মোঃ হাসিবুল্লাহ হাসিব-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে পুলিশ সুপারের কাছে তথ্য আসে যে নওগাঁ শহরের চকপ্রাণ এলাকার সুমন নামে এক মাদক ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার সুইপার কলোনিসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এতে এলাকার উঠতি বয়সী তরুণ-তরুণীরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার।
ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারিতে জানা যায়, সুমনের দুই সহযোগী ঢাকাগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসে করে ইয়াবা নিয়ে নওগাঁ ফিরছে। এমন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি বিশেষ দল নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে।
রাতের দিকে শাহ ফতে আলী পরিবহনের বাসটি কাউন্টারের সামনে পৌঁছালে ডিবি সদস্যরা বাসে ওঠেন। এ সময় দুই ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে শান্ত রবিদাস (২২) নামে এক যুবকের কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর ছোট সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি জিপার প্যাকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার শান্ত রবিদাস নওগাঁ জেলার বাংগাবাড়িয়া মুন্সিপাড়া এলাকার মৃত নরেশ রবিদাসের ছেলে। এ সময় তার সহযোগী সাকিব হোসেন মিম (২৬) কেও আটক করা হয়। তিনি নওগাঁর চকমুক্তার এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত রবিদাস স্বীকার করেন যে ইয়াবাগুলো নওগাঁ শহরের মাদক কারবারি সুমনের নির্দেশে আনা হয়েছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

























