মধ্যপ্রাচ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- প্রকাশের সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 13
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানরা ঈদের নামাজ, কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
ঈদের আগে মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের দোয়া, তওবা ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটান এবং মিনায় পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তারা কুরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।




















