লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- প্রকাশের সময় : ১০:১৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 12
দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও যোদ্ধার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
নেতানিয়াহু বলেছেন, উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে লেবাননে অভিযান আরও তীব্র করা হচ্ছে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে নিরাপত্তা অঞ্চল শক্তিশালী করছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ বারবার তা লঙ্ঘন করেছে। চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
সূত্র: বিবিসি




















