‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে?

- প্রকাশের সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 196

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক ভাইরাল হয়েছে ‘রাগ করলা’ ও ‘কথা ঠিক না বেঠিক’ সংলাপটি। হাস্যরস ও মিম কনটেন্ট হিসেবে ছড়িয়ে পড়া এই ভিডিওর মূল চরিত্রকে ঘিরে শুরু হয় নানা কৌতূহল। অনেকেই তাকে ‘কবিরাজ’ ভেবে বিভ্রান্ত হলেও বাস্তবে তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর।
ভাইরাল ভিডিওটির ওই চরিত্রে দেখা যাওয়া যুবকের নাম ঈমান আলী। তিনি মূলত ফেসবুক ও ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের নাট্যধর্মী ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করেন। ভাইরাল হওয়া সংলাপটি একটি শুটিংয়ের অংশ বলে জানা গেছে।
ঈমান আলী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। তিনি প্রায় দুই দশক আগে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসেন। সম্প্রতি তিনি কালিয়াকৈরের একটি রিসোর্টে শুটিংয়ের কাজে যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই সংলাপের কারণে অনেকে তাকে বাস্তব জীবনে ‘কবিরাজ’ মনে করলেও তিনি আসলে একজন অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতা। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে তিনি নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেন।
ঈমান আলী নিজেও জানান, “আমি কবিরাজ নই, এটা একটি অভিনয়ের অংশ। বিনোদনের উদ্দেশ্যেই এই ভিডিও তৈরি করা হয়েছে।”
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে ‘কবিরাজ’ চরিত্রে অভিনয়ের সময় তার বাচনভঙ্গি ও সংলাপ—বিশেষ করে ‘রাগ করলা’ ও ‘কথা ঠিক না বেঠিক’—রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে মিম ও রিমিক্স কনটেন্ট তৈরি হচ্ছে এই সংলাপকে ঘিরে।
























