নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
- প্রকাশের সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 229
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজের পর এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে চারজনের গলা কাটা মরদেহ দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















