পদ্মায় বাস ডুবে নিহত ২৬ জনের ১৮ জন রাজবাড়ীর
- প্রকাশের সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 48
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। মরদেহ হস্তান্তরের পর অধিকাংশের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর মধ্যরাতে ডুবুরি দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে দুপুর পর্যন্ত আরও ৩টি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে রাজবাড়ীর ১৮ জন, কুষ্টিয়ার ৪ জন এবং ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঢাকার আশুলিয়া এলাকার একজন করে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ মার্চ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে।
খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সেনাবাহিনী, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’সহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






















