চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪০ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ জব্দ
- প্রকাশের সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 159
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি’র নির্দেশনায় হাবিলদার মো. আব্দুল সেলিমের নেতৃত্বে একটি টহল দল ডুবার মোড় আমবাগানের পাশে ধানক্ষেতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিক বস্তার ভেতর থেকে ১৪০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে।
আটককৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















