২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
- প্রকাশের সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 153
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে।
গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে উত্তরের বিভিন্ন জেলায় ঈদ করতে যাওয়া শতাধিক যাত্রী আহত হন।
পশ্চিমাঞ্চলের প্রধান রেল প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী ট্রেনগুলো ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধার অভিযান চালায়। বগিগুলো অপসারণ ও রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু করা হয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস প্রথমে চলবে এবং ধীরগতিতে রুটে ট্রেন চলাচল চলবে।
দুর্ঘটনার পর দায়িত্ব অবহেলার কারণে সান্তাহারের সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




















