কোটালীপাড়ায় ‘পূর্বাভাস’-এর ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 269
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোটালীপাড়া থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের শুরুতে সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পূর্বাভাসের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক খান বলেন, কোটালীপাড়া উপজেলা দীর্ঘদিন ধরেই শিক্ষা ক্ষেত্রে খুব একটা এগিয়ে নেই। অনেক শিক্ষার্থী মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে তারা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক সম্ভাবনা অকালেই ঝরে যাচ্ছে। এসব সমস্যার সমাধানে পূর্বাভাস কাজ করার পরিকল্পনা নিয়েছে।
সংগঠনের আরেক সদস্য নাসরুল্লাহ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ রাখা। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব।
উল্লেখ্য, ‘পূর্বাভাস’ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘পূর্বাভাস’-এর নামানুসারে সংগঠনটির নামকরণ করা হয়েছে। ২০২১ সাল থেকে সংগঠনটি বিভিন্ন অলিম্পিয়াড, শিক্ষা সেমিনার এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে। কোটালীপাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়নে সংগঠনটির অবদান উল্লেখযোগ্য।





















